আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক।।
গণহত্যা, আলেম-ওলামার রক্তপাত এবং ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গণহত্যা চালিয়েছে, আলেম-ওলামার রক্ত ঝরিয়েছে এবং মানুষকে মসজিদে ইবাদত করতেও বাধা দিয়েছে, তাদের এ দেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিভাজন থাকতে পারে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে সব রাজনৈতিক দলের অবস্থান এক। গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করতে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করতে হয়েছে। এ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন। শাপলা চত্বরেও আলেমদের রক্ত ঝরেছে। ইসলামবিদ্বেষী সরকারের পতনেও আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনেই প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এর আগেও হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন।
তিনি বলেন, যারা এসব ঘটনার জন্য অনুতপ্ত নয় এবং দেশ ছেড়ে পালিয়েছে, তাদের দেশে ফিরে রাজনীতি করার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণহত্যা, আলেম-ওলামার ওপর নির্যাতন এবং ধর্মীয় স্বাধীনতায় বাধা দেওয়ার মতো বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মতভেদ থাকতে পারে। তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিভক্তি কাম্য নয়। তিনি জাতির মধ্যে ঐক্য দেখতে চান।
বক্তব্যে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন সালাহউদ্দিন আহমদ। দলটির নাম উল্লেখ না করে তিনি বলেন, মুখে ইসলামের কথা বললেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ইসলামের যথাযথ প্রতিফলন দেখা যায় না।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে ইসলাম বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বরং ধর্মের নাম ব্যবহার করে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করেন এবং দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান। জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি সংবিধানে ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটানোর কথাও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংবিধান থেকে যেসব বিষয় বাদ দেওয়া হয়েছিল, সেগুলো পুনঃস্থাপন করা হবে। সংবিধানে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের প্রসঙ্গ তুলে ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।

























