মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি।।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অংশগ্রহণ ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, মাগুরা জেলা শাখা। শনিবার (২ আগস্ট) মাগুরা রেডিয়েন্ট স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক লাবনী সুলতানা।
আলোচনা শেষে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র-জনতার লড়াইয়ের ফলে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটে। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন, জনগণের সাহসিকতা ও আত্মত্যাগের মিলিত ধারা এই গণঅভ্যুত্থানকে সম্ভব করেছে। তারা আরও বলেন, একটি ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা এখনো বহাল রয়েছে। নারীদের চলাচলের স্বাধীনতায় বাধা, মাজার ও বাউল আখড়ায় হামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার নীতিমালা প্রমাণ করে— ফ্যাসিবাদী দমননীতির নতুন চেহারা দেখা যাচ্ছে।
বক্তারা দাবি করেন, জুলাই আন্দোলনের শহীদদের হত্যার বিচার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য রাষ্ট্রীয় গণতান্ত্রিক সংস্কার অত্যন্ত জরুরি। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও লুটপাট বন্ধে প্রয়োজন দৃঢ় গণপ্রতিরোধ।
সংগ্রামের শক্তিকে স্মরণ করে জুলাই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এখনই প্রতিরোধের দ্বিতীয় ধাপের প্রস্তুতি নিতে আহ্বান জানান তারা।




















