শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক।।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। দেখা গেছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ব্যাপ্তি বাড়তে থাকায় রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণ পরেই কার্গো ভিলেজ এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। প্রথমে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের উৎস শনাক্তের কাজ চলছে এবং পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে সম্পূর্ণভাবে ব্যাহত না হয়, সেজন্য কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিয়েছে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ রয়েছে, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।




















