কালো জাদু শিখতে কবর থেকে কঙ্কাল চুরি স্কুলছাত্রের

অনলাইন ডেস্ক।।
নওগাঁর ধামইরহাট উপজেলায় কালো জাদু শিখতে কবর খুঁড়ে রাতের অন্ধকারে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে সিয়াম হোসেন নামে এক নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। উপজেলার ৬ নং জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত সিয়াম হোসেন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সাত মাস আগে ধামইরহাট উপজেলার কাজিপাড়া এলাকায় জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলমের বাবা মরহুম মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন করা হয়। সম্প্রতি কবরস্থানে গিয়ে তার কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা কাছে গিয়ে দেখতে পান ওই কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হলে ওই শিক্ষার্থীর নাম সামনে আসে বলে দাবি করেছেন মো. ইলিয়াস আলম। কবরের পবিত্রতা রক্ষা, মৃত ব্যক্তির প্রতি সম্মান এবং ভবিষ্যতে এমন ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
কবর থেকে কঙ্কাল চুরির কারণ জানতে চাইলে অভিযুক্ত সিয়াম জানান, কালো জাদু শেখার জন্য কঙ্কাল চুরি করেছিল সে।
ইলিয়াস আলম বলেন, ‘গতকাল শুক্রবার দুপুরে এক বৈঠকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও শতশত মানুষের সামনে অভিযুক্ত সিয়াম কঙ্কাল চুরির ঘটনা নিজ মুখে স্বীকার করেছে। প্রায় ২০-২৫ দিন আগে সে কবর থেকে কঙ্কাল চুরি করে। আমি কোথাও এর সঠিক বিচার পাচ্ছি না। আমার বাবার কঙ্কাল চুরির ঘটনার আমি প্রশাসনের কাছে সঠিক বিচার আশা করছি।’
জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মওদুদ আহমেদ মহিরের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। শুক্রবার দুপুরে গ্রাম্য বিচারে উপস্থিত ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি কিছু জানেন না বলে ফোন কেটে দেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’





















