চুয়াডাঙ্গার দামুড়হুদায় মর্মান্তিক দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম আলিফ হোসেন, সে সুবলপুর গ্রামের বাসিন্দা এবং কৃষক আব্দুল মোমিনের ছেলে।
শনিবার দুপুরে আলিফ তার বন্ধুদের সঙ্গে খেলার সময় প্রতিবেশী বাবুর বাড়ির ছাদ থেকে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা চিৎকার শুনে সেখানে ছুটে যান এবং দেখেন আলিফ বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে ঝুলে আছে।
দীর্ঘ প্রায় এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলিফের চাচা কালাম হোসেন জানান, ঠিক কী কারণে সে ছাদ থেকে পড়ে গিয়েছিল তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, আলিফ স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেণির ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




















