চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটা উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। দিনব্যাপী পরিচালিত অভিযানে সরকারি নীতিমালা অমান্য করে ছাড়পত্র ছাড়া পরিচালিত দুটি অবৈধ ইটভাটার চিমনি ও স্থাপনা এস্কাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় সরকারি নির্দেশনাবলী ও পরিবেশগত আইন তোয়াক্কা না করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটা চালিয়ে আসছিলেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করে চিঠি দেওয়া হলেও তাঁরা আইন অমান্য করে ভাটা পরিচালনা অব্যাহত রাখেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপী দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে গড়ে ওঠা ‘সনি ব্রিকস’-এ অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় ভাটাটির মূল চিমনিসহ বিভিন্ন কাঁচা স্থাপনা ভেঙে চুরমার করে দেওয়া হয়। পরবর্তীতে উপজেলার দুধপাতিলা গ্রামে অবস্থিত অবৈধ ‘দোয়েল ব্রিকস’-এ একই অভিযান পরিচালনা করে ভাটার বিভিন্ন অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা পুলিশের চৌকস দল উপস্থিত ছিল।
উচ্ছেদ অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, পরিবেশ ও আবাদি জমি রক্ষায় সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।





















