চুয়াডাঙ্গায় শুরু হয়েছে বৃক্ষরোপণ সপ্তাহ ও বৃক্ষমেলা

দৈনিক পদ্মা সংবাদ রিপোর্ট ডেস্ক।।
‘পরিকল্পিত বনায়ন, পরিবেশবান্ধব ভবিষ্যৎ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের কবরী রোড হয়ে মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মুক্তমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার। তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক সিদ্দিকুর রহমান, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও শিক্ষার্থী প্রতিনিধি সজিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বর্তমান ও আগামী প্রজন্মের জন্য এখনই আমাদের সবুজ অবকাঠামো গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “এই মেলা ও রোপণ কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজ গাছের গুরুত্ব সম্পর্কে জানবে। প্রত্যেকে একটি করে গাছ লাগালে আমাদের দেশ পরিবেশগত ভারসাম্য অর্জনে অনেক দূর এগিয়ে যাবে।”
উল্লেখ্য, মেলায় অংশ নেওয়া স্টলগুলোকে সৃজনশীলতা ও উপস্থাপনার ভিত্তিতে পুরস্কৃত করা হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্রও বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।।




















