জীবননগরের হাসাদাহ ফলের বাজার: প্রতিদিন ২ কোটি টাকার ফল বিক্রি, কর্মসংস্থান হাজারো মানুষের

চুয়াডাঙ্গা প্রতিনিধি:বিভিন্ন ধরনের ফল চাষের জন্য জীবননগর উপজেলা এখন দেশের “ফলের রাজধানী” হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার মাটি ফল চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় কৃষকরা ধান, পাট, ভুট্টার পাশাপাশি বাণিজ্যিকভাবে নানা দেশি-বিদেশি ফলের চাষ করছেন। উৎপাদিত ফল সহজে বিক্রি করার জন্য জীবননগরের হাসাদাহ বাজারে গড়ে উঠেছে একটি বিশাল ফলের বাজার, যা এই অঞ্চলের কৃষকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
বর্তমানে হাসাদাহ ফলের বাজারে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ফল বিক্রি হচ্ছে। এই বাজারকে কেন্দ্র করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফল ব্যবসায়ীরা, আড়তদাররা, এমনকি পার্শ্ববর্তী চায়ের দোকানদারেরাও উপকৃত হচ্ছেন। স্থানীয় চায়ের দোকানদার বাবলু জানান, আগে তার দোকানে তেমন বেচাকেনা ছিল না, কিন্তু এখন ফলের বাজারের কারণে তার ব্যবসার পরিধি অনেক বেড়েছে এবং আয়ও ভালো হচ্ছে।
এই বাজারের পরিচালক ময়েন উদ্দিন ময়েন জানান, বাজারটি চালুর আগে এখানকার কৃষকদের ফল বিক্রির জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা খুলনার মতো দূরবর্তী শহরে যেতে হতো। এতে তাদের বেশি খাজনা দিতে হতো এবং অনেক সময় সিন্ডিকেটের কারণে কম দামে ফল বিক্রি করতে বাধ্য হতেন। কৃষকদের এই দুর্দশা দেখে তিনি হাসাদাহে একটি ফলের বাজার চালুর উদ্যোগ নেন।
শুরুতে মাত্র ১২টি আড়ত নিয়ে এই বাজারটি শুরু হয়েছিল, যা এখন বেড়ে ৪০টিতে দাঁড়িয়েছে। এখানে কৃষকরা সরাসরি বিনা খাজনায় ব্যাপারীদের কাছে নগদ মূল্যে ফল বিক্রি করতে পারছেন। এতে তারা লাভবান হচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারী এবং ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় বাজারটি মুখরিত থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২,২৩০ হেক্টর জমিতে বিভিন্ন মৌসুমি ফলের আবাদ হয়। এর মধ্যে আম, ড্রাগন, মাল্টা, কমলা, পেয়ারা এবং লিচুর মতো ফল উল্লেখযোগ্য। বর্তমানে পাইকারি বাজারে ড্রাগন ফল প্রতি মণ ৪,০০০ থেকে ৫,২০০ টাকায়, মাল্টা ১,৬০০ থেকে ২,০০০ টাকায় এবং পেয়ারা ১,০০০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এই সম্ভাবনাময় বাজারটি স্থানীয় অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এমনকি বিভিন্ন ব্যাংকও এখানে ব্যবসার সুযোগ খুঁজছে বলে জানা গেছে।




















