“জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ”

স্টাফ রিপোর্টার।।
‘ভয় পাবোনা দাপটে, জবাব দিবো ব্যালটে’ এ শ্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্ত মঞ্চের সামনে থেকে জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের নেতৃত্বে জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন, জেলা সেক্রেটারী অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর বেলাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, ইউনিট সদস্য আব্দুর রউফ ও শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক প্রমুখ।

দর্শনা অফিস জানিয়েছে, জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার উদ্যোগে গতকাল বাদ আসর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দর্শনা বাসষ্ট্যান্ড থেকে শুরু করে মিছিলটি রেলবাজার, রেলগেট, পুরাতন বাজার, থানা মোড়, ইসলাম বাজার, রেলইয়ার্ড হয়ে রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার মুক্ত মঞ্চে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা মো: আজিজুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী, অধ্যাপক খলিলুর রহমান, দর্শনা থানা নায়েবে আমীর মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম জাহিদ, দামুড়হুদা যুব জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল খালেক, দর্শনা পৌর আমীর মোঃ সাহিকুল আলম অপু, মদনা ইউনিয়ন আমীর হাফেজ শহিদুল ইসলাম, কুড়ুলগাছী ইউনিয়ন আমীর সদেকীন, বেগমপুর ইউনিয়ন আমীর মোশারফ হোসেন, নেহালপুর ইউনিয়ন আমীর লিটন মল্লিক, তিতুদহ ইউনিয়ন আমীর মো: রাফিজুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন আমীর মো: ইউনুচ আলীসহ সকল ইউনিয়ন সেক্রেটারী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো: আজিজুর রহমান পিআর পদ্ধতির ব্যাখ্যা দিয়ে বিএনপির বিরোধীতার কারন হিসেবে ৩টি প্রধান কারন উল্লেখ করে বলেন- পিআর বাস্তবায়ন হলে মনোনয়ন বাণিজ্য হবেনা, ভোটের সময় একবার ভোটারের পা ধরলেও ভোটার ধরবে ৫ বছর আর পেশী শক্তি প্রদর্শন করে ভোট নেয়ার কেউ থাকবেনা। এজন্য বলে পিআর খায় না গায় মাখে বুঝিনা। এক সময় তারা জামায়াতের দেয়া কেয়ারটেকার বুঝতো না, পরে আন্দোলনের মুখে বুঝেছিল এবার ইনশাল্লাহ বুঝবে। বিক্ষোভে দর্শনা থানা সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেয়ায় ক্ষণিকের জন্য দর্শনা মিছিলের শহরে পরিণত হয়। পথচারীরা মন্তব্য করেন অনেক ভচর এত বড় রাজনৈতিক মিছিল দর্শনাবাসী দেখেনি।।




















