দর্শনায় আলোচনার ঝড়: সাবেক আওয়ামী লীগ এমপি টগরের বাড়ি থেকে ৪২০ কেজি সোনা উদ্ধারের গুজব!

মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আলী আজগর টগরের আজমপুরের বাসভবন থেকে ৪২০ কেজি সোনা উদ্ধার হয়েছে—এমন একটি চাঞ্চল্যকর গুজব ঘুরে বেড়াচ্ছে দর্শনা শহরজুড়ে।
বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় বাজার, চায়ের দোকান ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কৌতূহলী অনেকেই ছুটে যাচ্ছেন তার বাড়ির আশপাশে।
জানা যায়, গত বুধবার রাত থেকেই গুঞ্জনটি ছড়িয়ে পড়ে। কেউ একজন প্রচার করে, কোনো একটি সংস্থা তার বাসভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, গোপন বার্তা এবং দোকানপাটে কানাঘুষার মাধ্যমে রটতে থাকে বিষয়টি।
তবে এই গুজবের বিষয়ে এখন পর্যন্ত প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন,
“আমরা এখন পর্যন্ত এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নই। সোনা উদ্ধারের যে কথা ছড়ানো হচ্ছে, তা নিছক গুজব বলেই মনে হচ্ছে।”
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ভিত্তিহীন গুজব জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এবং দায়িত্বহীন আচরণ সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সত্য-মিথ্যার সীমানায় দাঁড়িয়ে দর্শনার সাধারণ মানুষ এখন খুঁজছে—আসলে কী ঘটেছে?
জনসাধারণকে গুজবে কান না দেওয়ার এবং যদি কেউ নিশ্চিত কোনো তথ্য জানেন, তা দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।




















