দর্শনায় ক্রীড়া সামগ্রী বিতরণ: তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই কে এইচ তাসফিকুর

মোঃ আব্দুর রহমান অনিক।।
যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার তরুণদের মাদক ও নেতিবাচক আসক্তি থেকে দূরে রাখতে হলে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা জরুরি। পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে যেন ছেলে-মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত হতে পারে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে দর্শনা পৌরসভা প্রাঙ্গণে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের অন্তর্ভুক্ত মোট ১৫টি ক্রীড়া ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষক আরিফিন হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম, লাইসেন্স পরিদর্শক মোমিনুল ইসলাম, করনির্ধারক জাহিদুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আব্দুল মজিদসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি।

প্রশাসক আরও বলেন, বর্ষায় ফুটবল, শীতে ব্যাডমিন্টন, হাডুডু, দাবা ও অন্যান্য মৌসুমি খেলার আয়োজন করলে তরুণরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। সুস্থ প্রজন্ম গড়তে অভিভাবকদেরও সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।।




















