দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

দৈনিক পদ্মা সংবাদ | দর্শনা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ মিল্লাদ হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দর্শনা কলেজ শাখার সহ-সভাপতি।
গ্রেপ্তার মোঃ মিল্লাদ হোসেন দর্শনা থানার দক্ষিণচাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে দক্ষিণচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে মিল্লাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, দর্শনা থানার মামলা নম্বর-০২, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।




















