দর্শনা চেকপোস্ট পরিদর্শনে চুয়াডাঙ্গা পুলিশ সুপার: সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের আহ্বান

দৈনিক পদ্মা সংবাদ।।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় দর্শনা চেকপোস্টের বাৎসরিক পরিদর্শন করেন। এ সময় চেকপোস্টে কর্মরত পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অফিস, ব্যারাক ও মেস ঘুরে দেখেন। চেকপোস্টের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যালোচনা করে তিনি জনগণকে হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সেবা সহজীকরণে সর্বদা সচেষ্ট থাকার নির্দেশ দেন, বিশেষ করে দেশি-বিদেশি আগত নাগরিকদের প্রতি সম্মান ও দ্রুত সেবা নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেন।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) তাজরিনা সুলতানা, ডিআইও-১ (ডিএসবি) চুয়াডাঙ্গা, দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম শেখ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।




















