দুর্গাপূজা উপলক্ষে দর্শনার ৫ মন্দিরে পৌর বিএনপির ৫০ হাজার টাকার অনুদান বিতরণ

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে পাঁচটি মন্দিরে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মহা অষ্টমীর দিন সন্ধ্যায় পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে প্রতিটি মন্দিরে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌরসভার মন্দিরগুলো সরেজমিন পরিদর্শন করে এই অনুদান বিতরণ কার্যক্রম চালান। কেরুজ সার্বজনীন দুর্গামন্দির থেকে শুরু করে একে একে দর্শনা পুরাতন বাজার মন্দির,আমতলা হরিজন মন্দির, কালিদাসপুর মন্দির এবং আদিবাসী মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয়। মন্দির কমিটির সভাপতি, সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা এই অনুদান সাদরে গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মশিউর রহমান, যিনি তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেই সুন্দর একটি দর্শনা গড়তে চাই। কোনো ভেদাভেদ নেই, আমরা সকলেই যেন একসাথে থাকতে পারি, একসাথে চলতে পারি।
তিনি আরও উল্লেখ করেন, তাদের নেতা মাহমুদুল হাসান খান বাবু ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন করবেন এবং যেকোনো সমস্যায় হিন্দু সম্প্রদায়কে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহাবুবুল আলম খোকন, পৌর সমন্বয়ক নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন লিটন, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, যুবদল নেতা সরওয়ার হোসেন, ছাত্রদল নেতা আরাফাত হোসেন সহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।




















