শিরোনাম :
হিজলগাড়ি গ্রামে পুকুরে ডুবে দেড় বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি গ্রামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. আরিয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই গ্রামের খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আরিয়ান খেলা করছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়, তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মাদ শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।।




















