দিল্লিতে পতাকা মিছিল অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক।।
দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (পতাকা ওড়াও) মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেসের কাছে মান্ডি হাউস থেকে পুলিশ আটক করেছে বামপন্থী ছাত্র নেতা নেহা বোরাকে। এর আগে নিজ বাসা থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে অভিজিৎ দীপকে তার বাসা এবং নেহা বোরাকে যন্তর মন্তরের কাছ থেকে আটক করে দিল্লি পুলিশ।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে মূলত এই পতাকা মিছিল কর্মসূচি।
১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে নিয়ে তারা দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করেন। এর একদিন আগে ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদ স্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
পরে তাদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার দীপকে-কে আটকের আগে দিল্লি পুলিশ তার বাসায় গিয়ে মিছিল না করার বিষয়ে একটি নোটিশ দেয়।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কর্নাট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। এতে আরও বলা হয়, প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) অনুমতি দেয়নি। এ অবস্থায় সিজেপি মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
গান্ধীর ছবি সংবলিত সাদা টি-শার্ট ও জিনস পরা ৩১ বছর বয়সী এই নেতাকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল। এক্ষেত্রে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
এ ছাড়া জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়ে পতাকা বিধি মেনে চলার বিধিনিষেধ সম্পর্কেও তাকে জানানো হয়।
সূত্র: এনডিটিভি

























