সরকারের দায়িত্বশীলদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক: জামায়াত আমির

অনলাইন ডেস্ক।।
দেশের বিভিন্ন স্থানের ঘটনার বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না— এমন পরিবেশ দেখতে চায় জাতি।
আজ সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক সঞ্চালনা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে তাদের সংগঠনও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসব মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ করে যেতে হবে। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ ও হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। সংসদে তাঁদের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে তাঁরা ভূমিকা রাখবেন এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে তাঁরা অনড় থাকবেন।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণকে জানানোর দাবি জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। সংসদে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে।
বৈঠকে সংগঠনের বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

























