ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরে আসার সাহস পাবে না

অনলাইন ডেস্ক।।
সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের পর একটি অংশ বাস্তবায়ন হলেও অন্য অংশটি বাস্তবায়ন হয়নি। এ কারণেই ফ্যাসিবাদ সুযোগ পাচ্ছে। ঐক্য বজায় থাকলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে সাহস পাবে না। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সমাপনী বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ প্রশ্নে সরকারকে বলবো বুকটান করে সোড়া হলে দাঁড়ান, পুরো দেশ আপনাদের পাশে দাঁড়াবে। পোশাকশ্রমিকরা তাদের দাবি আদায়ে পোশাক ফ্যাক্টরি ভাঙবে কিন্তু লোদার ফ্যাক্টরি, বিদ্যুৎ অফিসে হামলা কেন, এর মধ্যে তৃতীয় কোনো শক্তি ঢুকছে। তারা দেশের আগ্রগতি তছনছ করে দিচ্ছে যাচ্ছে। এদের পাকড়াও করতে হবে।
সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পাদিত সকল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি জাতীয় সংসদে পেশ কতে হবে। বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরে এ সংক্রান্ত কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে আগামী সংসদ অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অনেক আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়েছে, কিন্তু জাতি জানে না সেই চুক্তিতে কী ছিল বা কী আছে। এ নিয়ে অতীতে অনেক লুকোচুরি হয়েছে। কিন্তু এখন একটি নির্বাচিত সংসদ, এই সংসদে লুকোচুরি আর চলুক এটা আমরা মোটেই চাই না। মাতারবাড়ি প্রকল্পের সঙ্গে অর্থনৈতিক সক্ষমতা এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় জড়িত থাকায় এ বিষয়ে সংসদে খোলামেলা আলোচনার মাধ্যমে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি।
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা প্রত্যক্ষ করা যাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিলেও সরকারের সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি জাতির সামনে স্পষ্ট হয়নি।
বর্তমান সংসদকে অন্তত ১ হাজার ৪০০ শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত ‘মজলুমদের ও ফ্যাসিবাদবিরোধী সংসদ’ হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বিগত সাড়ে ১৫ বছরে অসংখ্য মানুষকে খুন, জুডিশিয়াল কিলিং, আয়নাঘরে নির্যাতন ও গুম করা হয়েছে। এ সময় তিনি সংসদে উপস্থিত বিএনপি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার স্বামী ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ থাকার প্রসঙ্গ টেনে বলেন, আজও হাজারো ইলিয়াস আলীর পরিবার জানে না তারা জীবিত না মৃত।
এছাড়া দেশের বাজার পরিস্থিতি ও রপ্তানি খাত নিয়ে কথা বলতে গিয়ে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, আমদানি, অভ্যন্তরীণ সরবরাহ এবং রপ্তানি খাতে এখনো সিন্ডিকেটের কালো ছায়া রয়ে গেছে, যার ফলে উৎপাদকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের মূল রপ্তানি খাত অভ্যন্তরীণ ও আঞ্চলিক ষড়যন্ত্রের কারণে ঝুঁকির মুখে পড়েছে উল্লেখ করে সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ডা. শফিকুর রহমান।






















