তিন পুত্রের মা – দুমুঠো খেতে ভিক্ষাবৃত্তি

অসময়ে বাবার মা’র সম্পত্তি ভাগ , বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা , হসপিটালে মাকে ভর্তি করে দিয়ে চলে আসা , বৃদ্ধা মাকে গোডাউনে বেঁধে রেখে জল-খাবার দিয়ে অফিসে যাওয়া কত ঘটনা সামনে আসে।
সম্প্রতি বাঁকুড়ার কোতুলপুরের চাকড়া গ্রামে তিন যোগ্য সন্তানের মায়ের অন্য চিত্র উঠে এলো।
আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিল ICHFR এর রাজ্য কমিটির অবজার্ভার শ্রী অমিত কুন্ডু মহাশয়ের কাছে অভিযোগ আসে সত্তরোর্দ্ধ এক বিধবা মাকে তাঁর ছেলেরা দেখেন না।
নিজের পেট নিজেকে চালাতে ভিক্ষাবৃত্তির পথ অবলম্বন করতে হয়েছে। সরকার থেকে বাড়ির টাকা সেটিও বড়ো ছেলে নিয়ে বারান্দা ঘর করেছেন।
শুধু তাই নয় মানুষের কাছ থেকে ভিক্ষে করে আনা টাকায় কেনা ফ্যান সেটিও বড় ছেলে খুলে নেয়।
মা ভিক্ষে করে এনে মেজো ছেলেকে দিলে তাঁর কাছেই দু’বেলা দুমুঠো খেতে পান। মায়ের কথায় স্বামী ১২ বছর অন্ধ থাকায় মেজো ছেলেই চিকিৎসা করিয়েছে। মেজো ছেলে চাননা মা ভিক্ষা বৃত্তি করুক কিন্তু স্ত্রীর ভয়ে বলার সাহসও পান না।
এই অভিযোগ পাওয়ার পরেই অমিত বাবু সংগঠনের মহাসচিবের পরামর্শে ঐ মায়ের সাথে দেখা করে কথা বলেন। এবং পরবর্তীতে তিন ছেলের সাথেও কথা বলেন। ভবিষ্যতে যদি ছেলেরা এহেন আচরণ করে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই বার্তা দিয়ে আসেন।
মানবাধিকার সংগঠনের নির্দেশে ছেলেরা মায়ের সম্পূর্ণ দায়িত্ব নেবেন এই প্রতিশ্রুতি দেন।
সংগঠনের এই পদক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

















