রহস্যজনক ভাবে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে রহস্যজনক ভাবে নিখোঁজের ৫ দিন পর(আজ ৬ এপ্রিল ) বৃহস্পতিবার সকাল ১০ টায় ৬ তলা নির্মানাধীন ভবনের লিফটের চেম্বার থেকে নিখোঁজ ব্যবসায়ি যুবক আবু সাইদ (২৫)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক আবু সাইদ জীবননগর পৌর শহরের হাইস্কুল পাড়ার রইস উদ্দীনের বড় ছেলে ও ইয়ান সু স্টোরের মালিক। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা পুলিশের। নিহত সাইদের পিতা রইস উদ্দীন জানান, গত ২ এপ্রিল (রবিবার) ভোররাতে সেহরী খেয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় সাইদ। বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ৩ এপ্রিল (সোমবার) জীবননগর থানায় নিখোঁজ সাইদের সন্ধান চেয়ে একটি জিডি করা হয়। নিখোঁজের দু’দিন পর ছেলের ফোন দিয়ে আমার কাছে অজ্ঞাত ব্যক্তি মুক্তিপনের জন্য টাকা দাবী করে।
এ ঘটনার ৫ দিনপর বৃহস্পতিবার সকাল ১০ এায় পৌর শহরের ৮ নং ওয়ার্ডের আশতলা পাড়ার কবির হোসেনের ৬ তলা নির্মানাধীন ভবনের লিফটের চেম্বারে নিখোঁজ সাইদের লাশ পড়ে থাকতে দেখে নির্মান শ্রমিকরা। ভবনের কেয়ারটেকার কোটচাঁদপুর বলোহরপুর বাসস্টান্ড পাড়ার মৃত সামসুল হক এর ছেলে সার্জেন্ট মো শফিকুল (অব:) জানান লাশ দেখে আমরা তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা উপস্থিত হন। পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি তদন্ত টিম ডিবি, পিবিআই, সি আইডি ও র্যাবের যৌথ প্রচেষ্টায় নিহত সাইদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, নিহত সাইদকে পূর্ব শত্রুতার জেরধরে হত্যা করে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুত এই হত্যার রহস্য
উন্মোচনসহ আসামীদেরকে গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।।




















