ভোটের সকালে মৃত্যু, দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ মুর্শিদাবাদে, গুলিবিদ্ধ কয়েক জন

অলাইন ডেস্ক
পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে অশান্তি অব্যাহত। ভোটের শুরুতেই বিভিন্ন জেলায় উত্তেজনা। কোচবিহারের সিতাই বিধানসভার এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের মধ্যে আগুন লাগানোর অভিযোগ উঠল। অভিযোগ, ভাঙচুর করা হয় ভোটগ্রহণ কেন্দ্রে। ব্যালট পেপার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তাতে।
পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের একাধিক জেলায় প্রাণহানি, রক্তপাত, সংঘর্ষ, বোমাবাজির ঘটনা ঘটেছে। মনোনয়ন-পর্ব থেকে প্রচারের শেষ দিন পর্যন্ত নানাবিধ হিংসার সাক্ষী থেকেছে বাংলা। ভোটের আগের রাতে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুলিতে জখম হয়েছেন বাম-কংগ্রেসের জোটপ্রার্থীর এক সমর্থক। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরেই হিংসাদীর্ণ এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ভোট দেখতে যাবেন রাজ্যপাল। ভোট ঘিরে হিংসার ঘটনা মোকাবিলায় রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালনে রাজীব সিংহ ‘ব্যর্থ’ বলে আক্রমণ করেছেন রাজ্যপাল। যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করাই ‘চ্যালেঞ্জ’ প্রশাসনের।
মুর্শিদাবাদে তৃণমূল কর্মী ‘খুন’
ভোটের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙা দু’নম্বর ব্লকের রেজিনগর থানার নাজিরপুরে ইয়াসিন শেখ নামে তৃণমূলের এক কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা। রানিনগরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে কমপক্ষে ২৪ জন জখম হয়েছেন বলে দাবি। রানিনগরের হূর্সি অঞ্চলে সিপিএম সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। ডোমকলে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। খড়গ্রামে তৃণমূল কর্মী শাহাবুদ্দিন শেখকে খুনের অভিযোগ। ডোমকলের কুশিবাড়িয়ায় দুই তৃণমূল কর্মী এবং এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ বলে দাবি। শমসেরগঞ্জে তৃণমূল কর্মী আফতাব শেখ গুলিবিদ্ধ বলে অভিযোগ।
বুথে আগুন লাগানোর অভিযোগ
কোচবিহারের সিতাই বিধানসভার এক নম্বর ব্লকের ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথের মধ্যে আগুন লাগানোর অভিযোগ উঠল। অভিযোগ, ভাঙচুর করা হয় ভোটগ্রহণ কেন্দ্রে। ব্যালট পেপার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তাতে।
নির্বিঘ্নেই ভোট শুরু নন্দীগ্রামে
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দনায়েকবাড় বুথে নির্বিঘ্নেই শুরু ভোটগ্রহণ। এখানে ভোট দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে বুথে ভোট দিতে যাবেন শুভেন্দু।
অশান্তির আবহে শুরু হল ভোটগ্রহণ
রাজ্যে অশান্তির আবহে শুরু হল ভোটগ্রহণ। পঞ্চায়েত নির্বাচন ঘিরে জেলায় জেলায় উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী, পুলিশের নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট দেখতে নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ডায়মন্ড হারবারে ‘আক্রান্ত’ সিপিএম
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথে সিপিএম এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
দিনহাটায় আবার চলল গুলি
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভোটের দিন দিনহাটার এক নম্বর ব্লকের কোয়ালিদহ গ্রাম পঞ্চায়েতের ৭/২৫৫ বুথের নির্দল প্রার্থী ভোলা বর্মন-সহ তাঁর সমর্থকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বোমাবাজিরও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় নির্দল প্রার্থীকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
নদিয়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা!
নদিয়ার আড়ংঘাটা খোশলপুরে ১২১ নম্বর বুথে পঞ্চায়েত সমিতির প্রার্থী রেখা ঘোষের অনুগামীরা ভোটকর্মীদের ঘুম থেকে তুলে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ব্যাহত ভোটগ্রহণের প্রক্রিয়া।
পুরাতন মালদহের মহিষবাথানি অঞ্চলের শহরা গ্রামের নয় নম্বর বুথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার রাতে বিজেপি কর্মী মহাদেব রাজবংশীর বাড়িতে গিয়ে তাঁকে তৃণমূলে ভোট দেওয়ার কথা বলেন শাসকদলের প্রার্থী অষ্টমী রাজবংশীর স্বামী এবং তাঁর দলবল। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বিজেপি কর্মীকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মালদহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্য দিকে, গ্রামবাসীদের বাধার মুখে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে পারলেন না কর্মীরা। এলাকা থেকে ফিরতে হল ভোটকর্মীদের। মালদহের গাজোলের রানিগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দোগাছি এলাকায় ২৪৪ নম্বর বুথের ঘটনা। রাস্তা না হওয়ায় ওই এলাকায় ভোটগ্রহণ করা যাবে না বলে প্রতিবাদ গ্রামবাসীদের।
অশান্তির আবহে ভোট
ভোটের আগের রাতে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুলিতে জখম হয়েছেন বাম-কংগ্রেসের জোটপ্রার্থীর এক সমর্থক। তুফানগঞ্জে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।
রাজ্যের মোট ২২টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হলেও জেলা পরিষদ স্তরের ভোট হচ্ছে ২০টিতে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে দু’টি স্তরে— গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে। কারণ, পাহাড়ে জেলা পরিষদের দায়িত্ব ও ক্ষমতা পালন করে ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)। ওই ‘স্বশাসিত’ সংস্থার পৃথক নির্বাচন হয়। রাজ্যের ২০টি জেলায় জেলা পরিষদের মোট আসনসংখ্যা ৯২৮। কিন্তু ভোট হচ্ছে ৯১২টিতে। কারণ, তৃণমূল প্রার্থীরা ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। কোচবিহারে ১টি, উত্তর দিনাজপুরে ৩টি, বীরভূমে ১টি, উত্তর ২৪ পরগনায় ৩টি এবং দক্ষিণ ২৪ পরগনায়র ৮টি আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতেছে তৃণমূল। বাকি ৯১২টি আসনের সবক’টিতেই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তারা।
রাজ্যে বিভিন্ন এলাকায় হিংসার ঘটনার উদাহরণ টেনে প্রতি বুথে অন্তত হাফ সেকশন অর্থাৎ চার জন কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় জওয়ান মোতায়েন করার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর এবং বিএসএফের আইজি। সেই সঙ্গে বলেছিলেন, রাজ্য পুলিশকেও পাহারায় থাকতে হবে। শুক্রবার বাহিনী দেওয়া নিয়ে সেই সমস্ত প্রস্তাব মেনে নেয় রাজ্য নির্বাচন কমিশন। ফলে প্রতি বুথে অন্তত চার কেন্দ্রীয় জওয়ান থাকছেন।
কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর দাবিতে প্রথম থেকেই সরব ছিল বিরোধীরা। পরে এই নিয়ে আইনি লড়াইয়ে শামিল হয় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন। হাই কোর্টের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। তার পরই বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠায় কমিশন। অন্তত কেন্দ্রীয় বাহিনীর ৮২ হাজার জওয়ান মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। প্রথমে ২২ কোম্পানি এবং পরে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি দেয় কেন্দ্র। বাকি আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে ‘জট’ তৈরি হয়।
সুত্র: আনন্দ বাজার।




















