শাহীন চাকলাদারের হোটেলে হরিলুট

ক্ষোভের আগুনে পোড়া যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের হোটেল জাবিরে এক প্রকার হরিলুট হয়েছে। নারী-পুরুষনির্বিশেষে যে যার মতো হোটেল থেকে মালামাল নিয়ে গেছেন। মঙ্গলবার ভোররাত থেকে চলে এ কাজ। হোটেল কর্তৃপক্ষ এবং কোনো নিরাপত্তাকর্মী না থাকায় নির্বিঘ্নে দিনব্যাপী এ কাজ করেছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা। শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হস্তক্ষেপে বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়।
শহরের চিত্রামোড়ের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে হোটেল জাবিরে সাধারণ মানুষ ঢুকে মালামাল মাথায় করে ও রিকশা ভরে নিয়ে যেতে শুরু করে। এতে যোগ দেয় রিকশা চালক, টোকাই এবং হরিজন পল্লির মানুষেরাও। তারা হোটেলের ভেতরে ঢুকে থালা প্লেট, গ্যাস, চামচ, তোষক, চাদর, বালিশ, দরজার কাঁচ, অ্যালুমিনিয়ামসহ থাইগ্লাস খুলে নিয়ে যায়। বেলা যত বাড়তে থাকে লুটপাটকারীদের সংখ্যাও তত বাড়তে থাকে। বিষয়টি শহরময় ছড়িয়ে পড়লে বিভিন্ন পাড়া-মহল্লার মানুষ এসে দল বেধে এসে সবকিছু খুলে নিয়ে যেতে শুরু করে। দরজা খোলা ও পোড়া ভবনে প্রতিরোধের কেউ না থাকায় যে যার মত পেরেছে সবকিছু নিয়ে যাচ্ছে। তবে, মাঝেমধ্যে সেনাবাহিনীর টহল আসলে লুটপাটকারীরা গা ঢাকা দেয়। চলে গেলে ফের শুরু করে লুট। এভাবে দিনভর।
সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হস্তক্ষেপ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা মানুষকে বুঝিয়ে শান্ত করেন। এ ধরনের কোনো কাজ বরদাস্ত করা হবেনা বলেও তারা ক্ষোভ জানান।



















