পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিচ্ছে শিক্ষার্থীরা

‘মানব পাচারের একটি বড় কারণ বাল্যবিবাহ। আর এটিই এখন সমাজের ব্যধিতে রূপ নিয়েছে। সরকারের কঠোর আইন থাকলেও গোপনে বা ভিন্ন কোনো পন্থায় অল্পবয়সী ছেলে-মেয়েরা বাল্যবিবাহের শিকার হচ্ছে। বিশেষ করে কন্যাশিশুদের বাল্যবিবাহের হার সবথেকে বেশি। সে কারণে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে একদিকে যেমন এই ব্যধি রোধ করা সম্ভব হবে তেমনি তা মানব পাচার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচেতনার সেই কাজটি যথোপযুক্তভাবে করছে মানবাধিকার সংগঠন রাইটস যশোর’।
কথাগুলো যশোরের শার্শা উপজেলার বেনাপোলস্থ নব দিগন্ত প্রিক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহার। তিনি গত ২৩ সেপ্টেম্বর স্কুলে রাইটস যশোর আয়োজিত মানব পাচার প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
একই ধরনের কথা বলেছেন শার্শা উপজেলার চারটি ইউনিয়ন বেনাপোল, বাহাদুরপুর, লক্ষণপুর এবং ডিহি ইউনিয়নের শিক্ষকেরা। তারা বলেন, রাইটস যশোর সচেতনতার যে বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে তা খুব জরুরি। এই উদ্যোগ মানব পাচার এবং এর অন্যতম প্রধান কারণ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাতা সংস্থা BONO Direct Aid Association & Chance Swiss-এর আর্থিক সহযোগিতায় ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে রাইটস যশোর উল্লেখিত চারটি ইউনিয়নে Empowering Women and Combating Human Trafficking in Southwest Region in Bangladesh বিষয়ক প্রকল্পের অধীনে সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তারমধ্যে স্কুল ওরিয়েন্টেশন অন্যতম।
রাইটস যশোরের তথ্যানুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া প্রকল্পটির অধীনে বেনাপোল, বাহাদুরপুর, লক্ষণপুর এবং ডিহি ইউনিয়নে ১৬টি স্কুল ও মাদ্রাসায় ওরিয়েন্টেশন করা হয়েছে। এতে এক হাজার পাঁচশ’ ১৩জন শিক্ষার্থীকে সচেতন করা হয়েছে। এদের মধ্যে নারী শিক্ষার্থী আটশ’ ৯৬ জন এবং পুরুষ শিক্ষার্থী ছয়শ’ ১৮ জন। তাদের সাথে মানব পাচারের কারণ ও ফলাফল, পাচারকারীদের কৌশল এবং পাচার প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়। এসব আলোচনায় পাচারের উপাদান হিসেবে বাল্যবিবাহ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত বলেন, ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন মানুষের তথ্য প্রাপ্তির ক্ষেত্রকে অবারিত করেছে তেমনি সামান্য ভুলের কারণেও এর ব্যবহারকারী তরুণ ও কিশোররা ফাঁদে পড়ে যাচ্ছে। ইতিমধ্যে টিকটকের কনটেন্ট তৈরি করে দেওয়ার প্রলোভনে অনেক কিশোরীকে পাচার করে দেওয়ার তথ্যও সামনে এসেছে। ফলে, পাচার প্রতিরোধের উপায় হিসেবে এসব সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্কতা ও বাল্যবিবাহকে ‘না’ বলার জন্যে শিক্ষার্থীদেরকে সচেতন করা হচ্ছে স্কুল ওরিয়েন্টেশনগুলো থেকে।
সংস্থা সূত্রে জানা গেছে, প্রতিটি বিদ্যালয়ে ওরিয়েন্টেশ সেশনের শেষ পর্যায়ে থাকে শিক্ষার্থীদের শপথ গ্রহণ পর্ব। তারা এক হাত সামনে প্রসারিত করে মানব পাচার বিষয়ে সাবধানতা অবলম্বন ও অন্যকে সচেতন করা এবং বাল্যবিবাহ না করার শপথ গ্রহণ করে। একইসাথে যদি কোনো বাল্যবিবাহের তথ্য পাওয়া যায় সে বিষয়েও ১০৯ নাম্বারে ফোন করে সহযোগিতা নেওয়ারও শপথ নেয় শিক্ষার্থীরা।
লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান কবির বলেছেন, রাইটস যশোরের এই উদ্যোগের কারণে সীমান্তÍবর্তী এলাকার শিক্ষার্থীরা মানব পাচারের বিষয়ে সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে। ওরিয়েন্টেশনগুলোতে যেসব তথ্য পরিবেশন করা হয় তা শিক্ষার্থীদের জানা দরকার।



















