ডিবি অফিসার পরিচয়ে চাকরি প্রতারণায় লিপ্ত দুষ্টু চক্র

নিজেদের ডিবি অফিসার পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকরি দেয়ার নামে প্রতারণা করে বেড়াচ্ছে একটি দুষ্টু চক্র। কখনও চাকরি প্রার্থীকে ঢাকায় নিয়ে যাচ্ছেন, আবার কর্মকর্তা সেজে চলে যাচ্ছেন চাকরি প্রার্থীর বাড়িতে অভিভাবকের কাছে। নানা ফন্দিফিকিরি করে অর্থ হাতিয়ে এখন আর ফোন ধরছেন না। আর টাকা খুইয়ে পথে পথে ঘুরছেন ভুক্তভোগীরা।
যদিও যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির পক্ষে বলা হয়েছে ওই প্রতারক চক্রে যাদের নাম শোনা যাচ্ছে তারা ডিবির কেউ নন। আবার চাকরি দেয়ার নামে একজন যুবকের বেলায় একটি আউটসোর্সিং কোম্পানির প্যাড ব্যবহার করলেও তারা জানিয়েছে ওটা তাদের নয়। ভুয়া প্যাড ছাপিয়ে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত ওই প্রতারক চক্রের পালের গোদা কামরুল ইসলাম ও আরিফুল ইসলাম নামে দু’জনকে আটক করার দাবি জানিয়েছেন।
২০ সেপ্টেম্বর বৃদ্ধ নানী আঞ্জুয়ারা বেগমকে সাথে নিয়ে যশোর জেলা স্কুল মোড়ে বটতলায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসেছিলেন ঝিকরগাছা কায়েমকোলার লিটন উদ্দিনের ছেলে শাহরিয়ার হোসেন লিমন। নানীর কাছে বলছিলেন ডিবি অফিসের কেউতো কামরুলকে চিনলো না। তাহলেতো ও প্রতারক, তাইতো ভুয়া নিয়োগপত্র দিয়েছে ও। ডিবি অফিসার বলে প্রচার করে টাকা নিলেও এখন আর ফোন ধরছে না। পাশে দোকানীর কাছে সাংবাদিক জানতে পেরে এই প্রতিবেদকের পেছন ধরে বাসায় চলে আসেন ওই নানী নাতি ওই ভুক্তভোগী।
শাহরিয়ার লিমন জানান তার করুন কাহিনী। অভাবের সংসার, পড়াশুনা করেন যশোরে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে। সংসারে অনটন থাকায় তিনি একটি কাজ খুঁজছিলেন। এরই মাঝে তার মায়ের সাথে আগ বাড়িয়ে ডিবি অফিসার পরিচয় দিয়ে পরিচিত হন সাতক্ষীরার কামরুল ইসলাম। নিজেকে যশোর ডিবির অফিসার পরিচয় দিয়ে লিমনের মাকে জানান, ছেলের জন্য চাকরি দিতে পারবেন, ৫ লাখ টাকা লাগবে। এরপর কামরুল ইসলাম তার আজ্ঞাবহ মাফুজুল হেলাল ও আরিফুল ইসলাম নামে দু’জনকে পাঠিয়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেন কামরুল ইসলাম। ২০২৩ সালের ১৩ ও ১৪ আগস্ট ওই টাকা হাতিয়ে নিয়ে শুরু করেন তালবাহানা। এরপর মাঝে মাঝে বন্ধ ও মাঝেমাঝে খোলা রাখেন ফোন। তবে রিসিভ করেন না। এরপর একদিন তাকে হাতেনাতে পেয়ে চাপ দিলে লিমনকে নিয়ে যান ঢাকায়। একটি অফিসের নিচে দাঁড় করিয়ে রেখে হাতে ধরিয়ে দেন একটি ভুয়া নিয়োগপত্র। একতা আউট সোর্সিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর জাল করে তাতে যশোর জেনারেল হাসপাতালে নিয়োগ দেয়া হয়েছে বলে একটি কাগজ ধরিয়ে দেন। এলাকায় ফিরে ওই নিয়োগপত্র নিয়ে যশোর জেনারেল হাসপাতালে গেলে জানতে পারেন নিয়োগপত্র ভুয়া। তখন আউট সোর্সিংয়ের চাকরির জন্য ৫ লাখ ঘুষ দেয়া ও ওই ঘুষ আদায় ঘটনা নিয়ে হৈচৈ শুরু হয়। প্রতারক কামরুলকে খুঁজতে শুরু করেন ওই ভুক্তভোগী পরিবার।
বাড়ি গরু ছাগল ও সামান্য জমি বিক্রি করে প্রতারক কামরুলের হাতে ওই টাকা দিয়েছিলেন লিমনের বাবা লিটন উদ্দিন ও মা সাজেদা বেগম। তাদের চোখে এখন শুধুই হতাশা। যশোর ডিবির অফিসার পরিচয় দেয়া ওই কামরুল নিজের বাড়ি সাতক্ষীরার আশাশুনির হামকুড়া কচুয়া এলাকায় বলেছিলেন। সেখানে কয়েক দফা গিয়ে ওই ঠিকানায় পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোন ০১৮৭৪১১৮৪০১ নম্বরে ফোন করলেও রিসিভ হয়না বলেও জানান তারা।
লিমনের মত যশোর বারান্দিপাড়ার আবিদুর রহমান, বকচরের মিলন দে পিন্টু, কিসমত নওয়াপাড়ার আনোয়ার হোসেনসহ আরো অনেকে ওই চাকরি প্রতারক চক্রের প্রতারণার শিকার। কামরুল ডিবি পরিচয় দিয়ে তার ভগ্নিপতি বলে পরিচয় করিয়ে দেয়া মাহফুজ হেলাল, অপর পুলিশ সদস্য পরিচয় দেয়া আরিফুল ইসলামকে দিয়ে টাকা আদায় করান। আর চাকরি না দিয়ে ভুয়া নিয়োগ পত্র ধরিয়ে দেন হাতে। এভাবে অনেক পরিবারকে পথে বসিয়েছেন ডিবি অফিসার পরিচয় দেয়া কামরুল ইসলাম ওরফে প্রতারক কামরুল।
এদিকে ডিবির নাম ভাঙিয়ে অব্যাহত চাকরি প্রতারণা ও অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া চক্রের হোতা কামরুলের ব্যাপারে কথা বলেন যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, কামরুল ইসলাম ও আরিফুল নামে যে দু’জন প্রতারণা করছেন বলে তথ্য আসছে ওরা ডিবির কেউ নন, সেরেফ প্রতারক। ওই চক্রটির বিরুদ্ধে আরো অভিযোগ এসেছে। এছাড়া আরো কয়েকটি চক্র ডিবির নাম ভাঙিয়ে প্রতারণা করছে। ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবে ডিবি পুলিশ।
এ ব্যাপারে চাকরির নিয়োগপত্রে ঢাকাস্থ যে একতা আউট সোর্সিং লিমিটেডে যোগাযোগ করা হলে ব্যবস্থাপক ইসমাইল হোসেন জানিয়েছেন, ওটা একটি নকল প্যাড। কামরুল ইসলাম চক্র ব্যবস্থাপনা পরিচালক মমিনুর রহমানের সিল স্বাক্ষর জাল করে ওই ভুয়া নিয়োগপত্র সরবরাহ করেছে। অনেকের সাথে প্রতারণা করে টাকা হাতাচ্ছে দুষ্টু চক্র। এদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে। ওই প্রতারক চক্রকে পুলিশে দেয়ার ব্যাপারেও বলেন একতা আউট সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপক।
এদিকে ডিবি অফিসার পরিচয়দানকারী প্রতারক কামরুল ইসলাম ও আরিফুলের বক্তব্য নেয়ার জন্য তাদের মোবাইল নাম্বারে ফোন করা হলেও তাদের ফোন রিসিভ হয়নি।



















