দর্শনায় ছাত্র কল্যাণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার, যেখানে কোন বৈষম্য থাকবেনা

মোঃ জাহিদুল ইসলাম।। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা জনাব এস,এম বজলুর রশীদ বলেছেন- জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার, যেখানে কোন বৈষম্য থাকবেনা। বাক স্বাধীনতা উন্মুক্ত থাকবে। যার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি নেতা নির্বাচিত হবে। তিনি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দর্শনা দারুস সুন্নাত সিদ্দিকীয়া ফাজেল মাদরাসায় “ছাত্র কল্যাণ পরিষদের” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফি উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন- প্রাক্তন ছাত্র, দৈনিক সংগ্রাম ও দৈনিক খাসখবরের প্রতিনিধি জনাব এফ.এ আলমগীর, দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান জনাব জাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক তানভির রহমান অনিক, প্রভাষক (আইসিটি) জনাব আল আমিন, সহকারী অধ্যাপক (ইংরেজী) জনাব সাদিকুর রহমান, সহকারী অধ্যাপক (আরবী) জনাব আব্দুর রশীদ, ছাত্র কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ নুরুল আমিন প্রমুখ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্মসচিব তন্ময় তৌহিদ, সোহান ইসলাম ছাড়াও মাদরাসার শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে প্রত্যাশা করেন- নবগঠিত ছাত্র কল্যান পরিষদ ছাত্র সংসদের ন্যায় ছাত্রদের স্বার্থে কাজ করবেন, কোন দলের লেজুড়বৃত্তি থেকে বিরত থাকবেন। তিনি মাদরাসার আবাসিক ভবণ থেকে ছাত্রদের বিতাড়িত করে দোকানদারদের নিকট ভাড়া দিয়ে মাদরাসার পরিবেশ নষ্ট করায় বিগত ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন- ম্যানেজমেন্টের কাজ শিক্ষার পরিবেশ তৈরী করা, আয়ের পথ উন্মুক্ত করা নয়। আমি বর্তমানে পদাধিকার বলে বর্তমান ম্যানেজমেন্টের সদস্য হিসেবে লজ্জিত। আমি সম্প্রতি জমা দেয়া তদন্ত প্রতিবেদনে বিষয়গুলি উল্লেখ করেছি।
সভায় অন্যান্য বক্তারা মাদরাসাটিতে বিগত সরকারের সময় ঘটে যাওয়া অনিয়মের সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে শাস্তি এবং আগামী বছর থেকে নতুন উদ্যোমে মাদরাসা পরিচালনা করে দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে তার সঠিক স্থানে ফিরিয়ে আনার আহবান জানান।
সভায় প্রধান অতিথি আগামী ২ বছরের জন্য ফাজেল দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ নুরুল আমিনকে সভাপতি ও মোঃ বায়েজিদ হোসাইন কাফিকে সেক্রেটারী করে ১৭ সদস্য বিশিষ্ট ছাত্র কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির ঘোষনা দেন।



















