জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। রবিবার সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের দুটি দল পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন—রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৫), তার চাচাতো ভাই আবদুল মান্নান এবং বোন শাহীনা বেগম (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, মাত্র ১৪ কড়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মামুন ও তার চাচাতো ভাই মান্নানের মধ্যে। রবিবার সকালে মাওলানা মামুন ওই জমিতে কাজ করতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মাওলানা মামুনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আবদুল মান্নান ও শাহীনা বেগমকে পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানেও তারা মৃত্যুবরণ করেন।
আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।।



















