দর্শনা বাস স্ট্যান্ডে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান !

চুয়াডাঙ্গার দর্শনা বাস স্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে যানজট নিরসন, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারী বেশ কয়েকটি যানবাহনের চালকদের সতর্ক করা হয়। একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলেন এবং আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয় ব্যবসায়ী মো. রবিউল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে বাস স্ট্যান্ড এলাকায় অব্যবস্থাপনা ও যানজট লেগেই থাকে। সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযানের ফলে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে এসেছে।” তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিত চালালে সড়কে শৃঙ্খলা বজায় থাকবে।
এ বিষয়ে দর্শনা থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) অনুপ দাস বলেন, “জনগণের নিরাপত্তা ও সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সেনাবাহিনীর সহযোগিতায় আজকের অভিযানটি আরও কার্যকর হয়েছে।”



















