সড়ক দুর্ঘটনায় প্রতাবপুর গ্রামের মুক্তার নিহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার প্রতাবপুরে সড়ক দুর্ঘটনায় ফরজ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টার দিকে প্রতাবপুর-গলাইদড়ি সেতু-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরজ আলী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্যমতে, ওই রাতে দর্শনা থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল গলাইদড়ি সেতুর পূর্ব পাশে পথচারী ফরজ আলীকে সজোরে ধাক্কা দেয়, যখন তিনি রাস্তা পার হচ্ছিলেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাতেই ফরজ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করা হয়েছিল।
এদিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, “ঘটনাটি আমরা জেনেছি, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



















