বৈষম্যের দেয়াল ভেঙে পরীক্ষার হলে ২৮ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নতুন মাইলফলক, রংপুরে ইতিহাস গড়ল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়!
রংপুর সংবাদদাতা।।
সমাজের দীর্ঘদিনের বৈষম্য আর অবহেলাকে পেছনে ফেলে পরীক্ষার হলে বসেছেন ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারা অংশ নেন। সচেতন মহল এটিকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন।
পরীক্ষার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন,এটি শুধু একটি পরীক্ষা নয়, আমাদের অস্তিত্বের স্বীকৃতি। আমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে এবং সম্মানের সঙ্গে বাঁচতে চাই।
রংপুর বিভাগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি আঞ্চলিক কেন্দ্রে মোট ১ হাজার ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী একই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন, যেখানে মোট পরীক্ষার্থী ১৫৯ জন। উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের কোর্স ফির ৬০ শতাংশ মওকুফ করা হয়েছে।
কেন্দ্রের প্রধান শিক্ষক মো. মাহেদুল আলম জানান, একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ সত্যিই ব্যতিক্রমী। তাদের জন্য সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে যাতে কোনো সংকোচ ছাড়াই পরীক্ষা দিতে পারেন।
রংপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামি জানান, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে কোনো বৈষম্যের শিকার না হন, সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন,”শিক্ষা সবার মৌলিক অধিকার। লিঙ্গ পরিচয়ের কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের লক্ষ্য।”
সুশাসনের জন্য নাগরিক-সুজনের রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, নানা প্রতিকূলতা জয় করে এই শিক্ষার্থীদের এগিয়ে আসা অন্য সবার জন্য অনুপ্রেরণার উৎস।















