আওয়ামী লীগকে নিষিদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনায় আছে: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক (দৈনিক পদ্মা সংবাদ):
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের এই বিষয়টি (নিষিদ্ধ ঘোষণা করার) সরকারের বিবেচনায় রয়েছে।”
সম্প্রতি গোপালগঞ্জসহ সারা দেশে নাশকতামূলক হামলার বিষয়ে আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠন করা হবে কি না জানতে চাইলে মো. আসাদুজ্জামান বলেন, “আমরা আইনি দিকগুলো খতিয়ে দেখছি। আইনি প্রক্রিয়া অনুযায়ী যেটা পারমিট (অনুমোদন) করে, আমরা সে পথেই এগোব।”
এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচারে বিশেষ কোনো ট্রাইব্যুনাল হবে কি না প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী স্পষ্ট জানান, “আলাদা ট্রাইব্যুনাল একজনের জন্য করার প্রয়োজন নাই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের পক্ষে না। যতগুলো আদালতে মামলা দায়ের হয়েছে এবং যেগুলোর যে জুরিসডিকশন (এখতিয়ার) আছে, সেখানেই বিচার কাজ সম্পন্ন হবে।”
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের নজিরবিহীন আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।”
তিনি ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ শাসনকালের চিত্র তুলে ধরে বলেন, “এই সময়ে সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা এবং সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে। অনেক পরিবার আজও নিখোঁজ স্বজনের পথ চেয়ে কান্নাকাটি করছে।”
আইনমন্ত্রী আরও বলেন, “১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে রাজপথে যুবসমাজ ও তরুণরা যে বীরত্ব ও ত্যাগ স্বীকার করেছে তা ইতিহাস হয়ে থাকবে। এই আন্দোলনে প্রায় ১,৪০০ জন শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি তরুণ পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো অকুতোভয় তরুণদের আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলবে না।”




















