উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক।।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোকে মার্কিন সামরিক বাহিনীকে কোনো ধরনের সামরিক সুবিধা না দেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উপসাগরের দক্ষিণ উপকূলের যেসব দেশ ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের উদ্দেশে আলী আবদুল্লাহি বলেন, ‘কোনো কিছুই আমাদের নজর এড়ায় না।’
তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিপুলসংখ্যক মার্কিন সামরিক বিমান অবস্থান করছে। এর মধ্যে আকাশে জ্বালানি সরবরাহে সক্ষম রিফুয়েলিং বা ট্যাঙ্কার বিমানও রয়েছে। এসব সামরিক তৎপরতা আয়োজক দেশগুলোর অজানা থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের চিফ অব স্টাফ আরও কঠোর অবস্থান জানিয়ে বলেন, আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে যেকোনো ধরনের সহায়তা বা সুবিধা দেওয়া হলে সেটিকে মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে।
আঞ্চলিক পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তেহরানের এই সতর্কবার্তা উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন করে চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
























