কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নাসিমা খাতুন ও তাঁর পুত্রবধূর সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে নাসিমা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিঠু ও রিপন নামের দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।



















