চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুমের শুভ সূচনা: এবার লক্ষ্যমাত্রা ৩৪,৫০০ মেট্রিকটন

আমের মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হলো চুয়াডাঙ্গায়। জেলার ২৩০০ হেক্টর আমবাগানে এবারের মৌসুমে ৩৪ হাজার ৫০০ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় শহরের মহিলা কলেজপাড়ার একটি আমবাগানে আম পাড়া উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় ১২ হাজার আমচাষি এবছর আম উৎপাদনে অংশ নিচ্ছেন। সময়ানুযায়ী বিভিন্ন জাতের আম সংগ্রহের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। ১৫ মে (১ জ্যৈষ্ঠ): আঁটি, গুটি, বোম্বাই
,২২ মে (৮ জ্যৈষ্ঠ): হিমসাগর,২৮ মে (১৪ জ্যৈষ্ঠ): ল্যাংড়া,৫ জুন (২২ জ্যৈষ্ঠ): আম্রপালি (বারি আম-৩),১৫ জুন (২ আষাঢ়): ফজলী
,২৮ জুন (১৩ আষাঢ়): আশ্বিনা (বারি-৪)।
জেলা প্রশাসক বলেন, “ঘোষিত সময়সূচির আগে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনোভাবে অপরিপক্ব আম সংগ্রহ করা যাবে না। একইসঙ্গে আম পাকাতে বা সংরক্ষণে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এসব নিয়ম লঙ্ঘন করে, তাহলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ ও ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, কৃষি বিপণন অফিসের মাঠ ও বাজার পরিদর্শক সহিদুল ইসলাম এবং জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার জানান, “আম সংগ্রহের নির্ধারিত সময়সূচি মেনে চলতে হবে। কেউ যদি নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ করে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






















