চুয়াডাঙ্গায় গাজা সংকট ও ফিলিস্তিনি সংগ্রামের সমর্থনে বিক্ষোভ

গাজা অঞ্চলে চলমান সংঘাত ও ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার দাবিতে চুয়াডাঙ্গায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জোনের আয়োজনে এই মিছিলে অংশগ্রহণকারীরা গাজায় গণহত্যার প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের নেতৃত্ব হামাসের হাতে অর্পণের দাবি তুলে ধরেন।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা চুয়াডাঙ্গার বড়বাজার গোল চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জোনের সভাপতি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, ইসরায়েল গাজা অঞ্চলে সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও প্রতিবাদ সত্ত্বেও ইসরায়েলের এই কর্মকাণ্ড অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেন।
এস এম সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের মুক্তির একমাত্র পথ হলো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের পরিবর্তে ফিলিস্তিনের ঐতিহাসিক ভূমিতে পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন। এছাড়া, তিনি মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক অভিযান পরিচালনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের উচিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের সংগ্রামে অর্থনৈতিক ও নৈতিক সহযোগিতা প্রদান করা। তিনি ফিলিস্তিনের বিজয় কামনা করে সকলকে দোয়া করারও আহ্বান জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সরকারের কাছে চারটি দাবি পেশ করেন:
১. পাসপোর্টে “এক্সেপ্ট ইসরায়েল” লেখা পুনঃস্থাপন করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ।
২. বাংলাদেশের পাঠ্যপুস্তকে মসজিদে আকসা ও ফিলিস্তিনের সংগ্রামের ইতিহাস অন্তর্ভুক্ত করা।
৩. ইসরায়েলি প্রযুক্তি, বিশেষ করে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার নিষিদ্ধ করা।
৪.ভারত-ইসরায়েল চক্রের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
বিক্ষোভে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান সরকার, মুফতি হাবিবুর রহমান, ইন্তিফাদা ফাউন্ডেশনের সদস্য মাওলানা শাফায়াত আদনান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক বায়জিদ বোস্তামী, মেহেদী হাসান ও জামাল উদ্দিন প্রমুখ।
এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় চলমান সংঘাত বন্ধ ও ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী সোচ্চার হওয়ার আহ্বান জানান।



















