চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোঃ আব্দুর রহমান অনিক : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— এই অমর গানের সুরে চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টায় ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস ও এর তাৎপর্য তুলে ধরে বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবিস উদ্দিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম।
সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও, জেলা প্রশাসন, শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।।



















