চুয়াডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে ব্যানারে জিয়ার ছবি না থাকায় বিএনপির বর্জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। পরে নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জেলা প্রশাসক দুঃখপ্রকাশ করেন।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ডিসি সাহিত্য মঞ্চে এ ঘটনা ঘটে। জানা গেছে, অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার সভাস্থল ত্যাগ করার প্রস্তুতি নিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে পৌঁছে স্লোগান দিতে শুরু করেন। এ সময় ব্যানারে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন তারা।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ অব্যাহত রাখেন। এ সময় জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু প্রশাসনের এমন ভূমিকার সমালোচনা করে সন্তোষজনক উত্তর না পাওয়ার কথা জানান। পরিস্থিতির মুখে মঞ্চে এসে জেলা প্রশাসক লুৎফুন নাহার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে বাজেট স্বল্পতা ও ভুলবশত এ পরিস্থিতি তৈরি হয়েছে।


















