ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা

অনলাইন ডেস্ক।।
বরগুনার আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের মেজো ছেলে রাহাত মৃধাকে অ্যাফিডেভিটের (হলফনামা) মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা।
আজ রোববার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. রফিকুল ইসলাম। এর আগে, গত বৃহস্পতিবার রাহাত মৃধার (২৫) বাবা এ পদক্ষেপ নেন।
জানা গেছে, রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমতলী পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে। গত বৃহস্পতিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে এক আইনজীবীর মাধ্যমে নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হলফনামা করেন ইদ্রিস মৃধা। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
হলফনামার বরাতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনীতিতে সক্রিয় থাকায় পারিবারিক ও সামাজিকভাবে ছেলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ওই বাবা। অভিযোগ রয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও রাহাত রাজনীতি ছাড়েননি; বরং নিষেধ করায় বাবার ওপর ক্ষিপ্ত হতেন।
নিজের অবস্থান তুলে ধরে ইদ্রিস মৃধা বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং ছেলেকেও বারবার নিষেধ করেছিলেন। তার ভাষায়, ছেলের কারণে তাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে এবং রাহাত কারও কথা না শুনে নিজের ইচ্ছেমতো চলেন। ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং অঙ্গীকারনামার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে তাঁর বা পরিবারের সঙ্গে রাহাতের কোনো যোগাযোগ বা সম্পর্ক থাকবে না।
অন্যদিকে, ত্যাজ্য হওয়ার বিষয়ে রাহাত মৃধার বক্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তার প্রাণ। পরিবার থেকে আলাদা করে দিলেও তার কোনো আপত্তি নেই; ত্যাজ্য হওয়ার পরও তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়েই থাকতে চান।




















