ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহে মাদক মামলায় কামরুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে কামরুল ইসলামের বাড়িতে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে সংবাদের ভিত্তিতে কামরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় কামরুল পালিয়ে গেলেও বাড়ি তল্লাশ করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই দিনই পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে কামরুল ইসলামের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে।
পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর কামরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে ৩০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।




















