টানা তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
টানা পাঁচদিন ধরে মৃদু ও মাঝারি মাত্রার তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন থেকে চার দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
গত ২১ এপ্রিল থেকে জেলার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে। ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, ২২ এপ্রিল ৩৬.৩ ডিগ্রি এবং ২৩ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি এবং বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়ায় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ।
প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা। প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। রোদ উঠার পর থেকেই সূর্যের তেজ বেড়ে যায় এবং দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত তা থাকে তীব্রভাবে সক্রিয়।
তাপপ্রবাহের প্রভাবে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও পড়েছে নেতিবাচক প্রভাব। দিনের কাজ কমে যাওয়ায় দিনমজুরদের আয়-রোজগারে দেখা দিয়েছে ভাটা।
এদিকে চুয়াডাঙ্গায় চলছে আউশ ধান কাটার মৌসুম। তীব্র গরম ও খাঁ খাঁ রোদের কারণে মাঠে কাজ করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, ২৭ থেকে ২৮ এপ্রিলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সময় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে আশা করা হচ্ছে।।





















