টানা বর্ষণে হাবুডুবু যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড

টানা ভারি বর্ষণে যশোর পৌরসভার নিম্ন এলাকা তলিয়ে গেছে। বিশেষ করে বেজপাড়া, চোপদারপাড়া, শংকরপুর, বেজপাড়া টিবি ক্লিনিক, জমাদ্দারপাড়া, চোপদারপাড়া বরেক পট্টি, খড়কী পীর বাড়ি এলাকা, মুচিপাড়াসহ আশেপাশের অঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক বাড়ির ঘরে হাটু সমান পানি ঢুকে গেছে। শতশত বাড়িতে দুপুরে রান্না পর্যন্ত হয়নি।
রোববার সকাল থেকে যশোরে ভাড়ি বর্ষণ হতে থাকে। এতে করে শহরের ৭ নম্বর ওয়ার্ডের অনেক স্থানে পানি জমতে শুরু করে। দুপুরের পর পুরো চোপদারপাড়া, শংকরপুরের কিছু অংশ, খড়কী এলাকার কিছু অংশ পানিতে তলিয়ে যায়।
চোপদারপাড়া বারেক পট্টি এলাকার মোহাম্মদ সেলিম বলেছেন, প্রত্যেকবার ভারি বর্ষনে তার এলাকার বেশির ভাগ বাড়ি পানিতে তলিয়ে যায়। তার বাড়ির প্রত্যেক ঘরে পানি , রান্না করার জায়গা নেই। ফলে দুপুরে রান্না করতে পারেননি। পানি সরছে না। রাতেও যদি ভারি বর্ষণ হয় তাহলে দুর্ভোগের শেষ থাকবে না।
একই এলাকার মিজানুর রহমান জানিয়েছেন, শহরের একটি বড় অংশের পানি চোপদার পাড়ার মধ্যে দিয়ে রেললাইনের নিচের একটি মাত্র কালভার্ট হয়ে টার্মিনালের পাশ দিয়ে বিল হরিনায় গিয়ে পড়ে। ড্রেন গুলো সেই ভাবেই তৈরী করা হয়েছিল। কিন্তু এখন আর ড্রেন নেই। সবগুলো রাস্তার ড্রেন ভেঙ্গে পড়ে আছে। পানি নিষ্কাশনের কোন জায়গা নেই। ফলে পানিবন্দি হয়ে পড়েছে শতশত পরিবার। প্রত্যেক বছরের বৃষ্টির সময় এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে মানুষজন। এই বিষয়ে পৌর কর্তৃপক্ষকে একাধিকার জানানো হয়েছে। কিন্তু কেই কোন কার্যকর পদক্ষেপ নেননি। পানির যাওয়ার স্থান গুলো সংকীর্ণ হয়ে গেছে। ভরাট হয়ে যাচ্ছে বিল হরিনা। সেখানে অনেক মাছের ঘের ও স্থাপনা তৈরী হয়েছে। ফলে পানি দ্রুত সরে যাওয়ার স্থান গুলো সব সময় পরিষ্কার করতে না পারলে এই অবস্থা আজীবন থাকবে।
বেজপাড়া কবরস্থান রোডের বাসিন্দা খলিলুর রহমান জানিয়েছেন, রাস্তার সাথে সাথে ড্রেনগুলো ভেঙ্গে পড়ে আছে। আরএর রোডের একটি অংশ বেজপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের পুরো অংশ ও ৯ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কশন হয় তার এলাকার ড্রেনগুলো দিয়ে। কিন্তু ড্রেনগুলো আর ড্রেন নেই। সব ভেঙ্গে একাকার হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন হচ্ছে না। দীর্ঘদিন ধরে নানাভাবে পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্ত কেউ আমাদের কথা আমলে নেয়নি। এই এলাকার মানুষ গুলো যে কত অসহায় তা নিজ চোখে না দেখলে কেউ বুঝবে না। তার কথার সূত্রে আরো জানিয়েছেন, ওই এলাকার হাবিবুর রহমান, ইউনুছ আলী, রবিউল ইসলামসহ অনেকে। তাদের দাবি, এখনই কার্যকর পরিস্থিতি না নিলে ভবিষ্যতে এই এলাকা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। তারাও জানিয়েছেন, রোববারের পরিস্থিতির কারনে তাদের বাড়িতে রান্না করার কোন পরিবেশ ছিল না।
এই এলাকায় বসবাসকারী বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা জিল্লুর রহমান বলেছেন, বৃষ্টিতে পুরো ৭ নম্বর ওয়ার্ড তলিয়ে গেছে। ড্রেনগুলো সংষ্কার করা হয়নি বহুদিন। ফলে ভেঙ্গে পড়ে আছে পানি নিষ্কাশনের স্থান গুলোতে। ড্রেনের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে বৈষম্য থাকলে চলবে না। অনেক রাস্তার পাশের ড্রেন গুলোর ওপর থেকে অবৈধ স্থাপনা সরানো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন হলো জানি না।
তিনি আরো বলেছেন, পানি নিষ্কাশনের জন্য জেলা প্রশাসনকে উদ্যোগী হতে হবে। একটি মাস্টার প্লান করে পানি কী ভাবে রেললাইনের পাশ দিয়ে মুড়লীর দিয়ে নিয়ে গিয়ে ভৈরবে নেয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। পরিকল্পনা নিয়ে কাজ না করলে বছরের পর বছর মানুষের দুর্ভোগের সীমা থাকবে না বলে তিনি মনে করেন।



















