তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত দামুড়হুদা!

মোঃ আব্দুর রহমান অনিক।।
দামুড়হুদা উপজেলায় শুরু হলো দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় অনুষ্ঠিত হচ্ছে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫। এছাড়াও, উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা বিষয়ক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারি), দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এ মেলার শুভ সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল মেলার শুভ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশীদ, এবং উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মেলায় তরুণদের উদ্ভাবিত নানা পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এই স্টলগুলোতে তরুণদের সৃজনশীল চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে। তাদের উদ্ভাবনমূলক প্রজেক্ট এবং প্রদর্শনী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।
ভূমি সেবা বিষয়ক সেমিনারে সাধারণ জনগণকে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা পাওয়ার পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
মেলার আয়োজক কমিটি জানিয়েছে, তারুণ্যের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। মেলা ঘিরে এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।
উল্লেখ্য, মেলা আগামীকাল (২৩ জানুয়ারি) শেষ হবে। সমাপ্তি অনুষ্ঠানে সেরা স্টল ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।



















