দামুড়হুদার উজিরপুরে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের লক্ষ্মীগাড়ী মাঠে অবৈধভাবে ফসলি জমির উর্বর টপ সয়েল কেটে নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাটি ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার দায়ে উজিরপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে হাবিবুর রহমান এবং একই গ্রামের মাকলু হকের ছেলে মামুনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা কোনো সরকারি অনুমোদন ছাড়াই ফসলি জমির উর্বর মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি বহনকারী ট্রাক্টরসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়, যার মোট পরিমাণ এক লাখ টাকা।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য কর্মকর্তাসহ দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন,
ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















