দুর্ঘটনায় পড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের সন্ধানে চলছে উদ্ধারকাজ।

আন্তর্জাতিক ডেস্ক।
ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তার কারণেই ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে বলে জানা যায়।
রাইসির জন্ম ১৯৬০ সালে ইরানের অন্যতম বড় শহর মাশাদে। তার বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র ১৫ বছর বয়সে পবিত্র কুম শহরে এক মাদ্রাসায় যোগ দেন তিনি। শিক্ষার্থী থাকা অবস্থাতেই পশ্চিমা-সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন রাইসি।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে কৌঁসুলির দায়িত্ব পালন করেন। মাত্র ২৫ বছর বয়সে তেহরানের ডেপুটি কৌঁসুলি নিযুক্ত হন তিনি।
এরপর সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হয়েছেন, আবার কখনো বিচার বিভাগের প্রথম উপ-প্রধান পদে নিযুক্ত হয়েছেন।
২০১৪ সালে ইরানের মহা কৌঁসুলি পদের দায়িত্বও পালন করেন রাইসি।
২০১৭ থেকেই নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। ২০১৭ সালে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত ইরানিদের বিস্মিত করেছিল। যদিও সেই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান হাসান রুহানি।
তবে ওই পরাজয় রাইসির ভাবমূর্তি নষ্ট করতে পারেনি। ২০১৯ সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি কিছু সংস্কার সাধন করেছেন, যার ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যাও কমে।
সবশেষ ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কট্টরপন্থি ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার রোববার (১৯ মে) দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনা নিয়েই এখন বিশ্বজুড়ে তোলপাড়। কারণ দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত খোঁজ মেলেনি সেই হেলিকপ্টারের, জানা যায়নি কেমন আছেন রাইসি। কিন্তু দুর্গম এলাকা থেকে কীভাবে এসেছিল দুর্ঘটনার খবর?
ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ওই হেলিকপ্টার থেকে আসা একটি জরুরি ফোনকলের মাধ্যমেই জানা যায় এ খবর। বলা হচ্ছে, হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। তবে কথার মধ্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রতিবেদন মতে, রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিল। সেগুলো গন্তব্যে পৌঁছেছে।
আর ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টারটি ‘বিধ্বস্ত’ হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানা গেছে। রোববার (১৯ মে) সন্ধ্যার দিকে ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলের দুর্গম পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারটি ‘বিধ্বস্ত’ হয়।
আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিওগুলো থেকে ‘নিশ্চিত হওয়া গেছে’ যে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটির মডেল ‘বেল ২১২’। এটি যুক্তরাষ্ট্রের তৈরি।
প্রতিবেদনে বলা হয়, দুই ব্লেডের মাঝারি আকারের হেলিকপ্টারটিতে ১৫টি আসন রয়েছে। এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং বাকি ১৪টি যাত্রীদের জন্য।
তবে ফ্লাইট ক্রু এবং সম্ভাব্য নিরাপত্তাকর্মীসহ রাইসিকে বহন করা হেলিকপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনো স্পষ্ট নয়।


























