নতুন টেলিছবিতে মিলিত

অনলাইন ডেস্ক।
‘মাসুদ রানা’ সিরিজের লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের গল্পে একটি টেলিছবিতে অভিনয় করেছেন ফারহানা মিলি। ‘নিখুঁত ছক’ শিরোনামের এ টেলিছবিটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। চলতি মাসের ৯ ও ১০ তারিখে রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন করেছেন ‘নিখুঁত ছক’-এর কাজ।
এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সজল ও দাউদ। টেলিছবির গল্পে দেখা যাবে, ধনী বিপত্নীক ৫০ বছর বয়সি আন্দালিব চৌধুরী। একমাত্র ছেলে সোহানকে নিয়ে বেশ কেটে যাচ্ছিল দিন। এমন সময় তার জীবনে এলো রুমা নামের ২৫ বয়সি এক মেয়ে (মিলি)।
মেয়েটি ছিল তার পিএ। মেয়েটির সাত কুলে কেউ নেই। বেশ মায়া পড়ে গেল মেয়েটির প্রতি। সেখান থেকে তা আস্তে আস্তে পরিণত হলো ভালোবাসায়। বিয়েও হলো। বিয়ের কদিনের মাথায় বিশ্বস্ততাও অর্জন করল। আন্দালিব মেয়েটিকে নমিনি করে দিল বেশ কিছু ব্যাংক ব্যালেন্স।
ওদিকে কিছুদিন পর পিএ হিসেবে এলো ইকবাল নামের সুদর্শন এক যুবক (সজল)। রুমা ও ইকবালের মাঝে প্রেম জন্মাল। তারা কিছুদিনের মাথায় পরিকল্পনা করল আন্দালিব সাহেবকে খুন করবে। এগিয়ে যায় কাহিনি।
ফারহানা মিলি বলেন, ‘টেলিছবিটিতে কাজ করে আমার ভালো লেগেছে। গল্পের মোচড়গুলো চমৎকার। দর্শকদের ভালো লাগবে নিশ্চয়ই।’




















