নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি মামদানির, আইসিসির পরোয়ানা মানার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক।।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুকে তিনি ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যার স্থপতি’ হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠকের পর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেটিকে সম্মান করা উচিত। তাঁর মতে, কেউই আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারেন না।
মামদানি জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তবে এর আগে নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে একাধিকবার বক্তব্য দিলেও মামদানি স্বীকার করেছেন যে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে এ ধরনের গ্রেপ্তার কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা তাঁর নেই। চলতি বছরের জুলাইয়ে তাঁর প্রশাসনও বিষয়টি পর্যালোচনা করে একই সিদ্ধান্তে পৌঁছায়।
এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। তিনি ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর এবং ২৫ সেপ্টেম্বর ফেরার পরিকল্পনা করেছেন বলে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে।
নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে বিক্ষোভের প্রস্তুতি থাকলেও মামদানি জানিয়েছেন, তিনি এসব বিক্ষোভে অংশ নেবেন না। তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার মানুষের রয়েছে বলে তিনি আগে মন্তব্য করেছেন।
অন্যদিকে, ট্রাম্প ও মামদানির সাম্প্রতিক বৈঠকে রাজনৈতিক মতপার্থক্যের পাশাপাশি অভিবাসন আইন প্রয়োগ এবং নিউইয়র্কের আবাসনসংক্রান্ত একটি বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ট্রাম্প মামদানির কাজের প্রশংসা করেন। মামদানিও নিউইয়র্কের বাসিন্দাদের স্বার্থে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার কথা জানান।
সূত্র: টাইমস অব ইসরায়েল


























