বিএসটিআইএ’র কার্যক্রম নিয়ে প্রশ্ন খোদ ব্যবসায়ীদের

যশোরের বিএসটিআইয়ের কমকর্তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ব্যবসায়ী প্রতিনিধিরা। ব্যবসাপ্রতিষ্ঠান ও উৎপাদনমুখী শিল্পকারখানাতে এই প্রতিষ্ঠানের দৃশ্যমান কোন কার্যক্রম দেখতে না পেরে ক্ষুদ্ধও হন সংশ্লিষ্ঠরা। একইসাথে ভোক্তাদের সঠিক পণ্যের নিশ্চিয়তার জন্য বিএসটিআইয়ের দৃশ্যমান কার্যক্রম বাড়ানোর অনুরোধ করেন।
সোমবার বিশ্ব মান দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এই ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ। ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ স্লোগান নিয়ে আলোচনা সভায় প্রথমে উন্মুক্ত আলোচনায় লৌহ সিমেন্ট সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসার বলেন, ‘যশোরে যে বিএসটিআই কোন অফিস আছে আমরা জানতাম না। তাদের মান নিয়ে কোন কাজ করতে দেখি না। মিষ্টির দোকান, উৎপাদনমূখী কারখানাতে কোন নজরদারি নেই। মাছ, মাংসসহ ওজন কম দেয়া পণ্যের মান নিয়ে কাজ করতে দেখি না এই প্রতিষ্ঠানটির’। দ্রুত সরকারি এই দপ্তরটি জনগণের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দপ্তরটির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনও। তিনি বলেন, ‘বিএসটিআইয়ের কাজ দেখি শুধু ফিলিং স্টেশনগুলোতে। তাদেরকে সেখানে তেলের ওজন কম দিলে জরিমানা নিতে দেখি। কিন্তু জেলায় আরও উৎপাদনমুখী কার্যক্রমগুলোর মান নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে দেখি না’।
তোপের মুখে পড়ে বিএসটিআই উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ বলেন, ‘আমরা অনেক কাজই করি। স্বল্প জনবলের কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটে। সম্প্রতি ৬টা ফিলিং স্টেশনে তেলের ওজন কম দেয়াতে সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া নিয়মিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কাজ চলমান রয়েছে’।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘দেশে পণ্যের সংখ্যা বেড়েছে কিন্তু বিএসটিআই সক্ষমতা অর্জন করতে পারেনি। এই কারণে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি’। খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মান নিয়ন্ত্রণে সতর্ক থাকতে প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
যে যে উৎপাদিত পণ্যের অনুমোদন দেয়া হয়েছে বা হবে তার নমুনা দেয়ার সময় ও নিয়মিত উৎপাদনে সঠিক মান আছে কিনা তার ও তদারকি করতে বলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। পাশাপাশি পেট্রোল পাম্পের তেল-গ্যাস মাপে পরিমাণ ঠিকমত দিচ্ছে কিনা তার তদারকি করতে বলেন। এ সময় আফিল গ্রুপের পরিচালক মাহবুবুল আলম লাভলুসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



















