ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক৷।
ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও স্থানীয় একটি খামারে অবৈধভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।
বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আজ বিকেল সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে। নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
























