পারিবারিক কলহের বলি: কোটচাঁদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের পারিবারিক সমস্যা ও দাম্পত্য জীবনের অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে রাজু আহমেদ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে নিহতের নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজু আহমেদ লক্ষ্মীপুর মসজিদ পাড়ার মোঃ আঃ মজিদ মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রাজু আহমেদ ব্যক্তিগত ও পারিবারিক নানা জটিলতায় মানসিক চাপে ভুগছিলেন। গতকাল সোমবার রাত আনুমানিক ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৭টার মধ্যে যেকোনো এক সময় তিনি লোকচক্ষুর আড়ালে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সকালবেলা ভিকটিমের মা সবুরা বেগম ছেলের কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার আর্তচিৎকারে প্রতিবেশী ও স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং রশি কেটে মরদেহটি নিচে নামান। ততক্ষণে রাজু আহমেদের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের চাচা মোঃ আবু বক্কর মন্ডল (৬৪) কোটচাঁদপুর থানায় উপস্থিত হয়ে বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
হঠাৎ করে একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















