ইসরাইলের বিরুদ্ধে আমস্টারডামে ২ লাখ মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ এবং দেশটির বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার দাবিতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববারের এই কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জোরদার এবং দেশটির কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভের অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডসের তথ্য অনুযায়ী, কর্মসূচিতে দুই লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অনেক বিক্ষোভকারীর পরনে ছিল লাল পোশাক কিংবা লাল রঙের বিভিন্ন সামগ্রী।
‘রেড লাইন’ নামে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি থেকে ইসরাইলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডংগেন বলেন, গাজায় যা ঘটছে, তা অমানবিক। নেদারল্যান্ডস সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তার মনে হচ্ছে, কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। কঠোর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার সাহস দেখাতে পারছে না।
রোববার আমস্টারডামের একটি ব্যস্ত সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওই সড়ক দিয়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিভিন্ন স্থানে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। একটি বাসস্টপে দাঁড়িয়ে মাইকে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এক ব্যক্তি। পরে মিছিলে অংশ নেওয়া অনেকেই তার সঙ্গে কণ্ঠ মেলান।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে।
এর আগে গত বছরের অক্টোবরের শুরুর দিকে আমস্টারডামে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া গত বছরের জুনে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরেও ‘রেড লাইন’ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।
গত বছরের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও সেখানে ইসরাইলের হামলা ও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে নেদারল্যান্ডস ও ইসরাইলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও উত্তেজনা তৈরি হয়েছে। গত বছর ইসরাইলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পদত্যাগ করেন নেদারল্যান্ডসের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী।
এরপর গত ফেব্রুয়ারিতে দেশটিতে নতুন সংখ্যালঘু জোট সরকার ক্ষমতা গ্রহণ করে। নতুন সরকার ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নেদারল্যান্ডস সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এসব বসতিকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বলে মনে করে। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে নেদারল্যান্ডসের কূটনৈতিক বিরোধ আরও বাড়ে।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন গত বছর একটি বিক্ষোভ মিছিলে অংশ নিলেও রোববারের কর্মসূচিতে তাকে দেখা যায়নি।
তবে গত শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গাজা পরিস্থিতি নিয়ে বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতি মেনে চলতে ইসরাইলের ওপর আরও বেশি রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করছে তার সরকার।

























