মেহেরপুরে তথ্যবিহীন শিশু খাদ্য বিক্রির দায়ে ‘হৃদয় ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে তথ্যবিহীন ও মানহীন শিশু খাদ্য বাজারজাত ও বিক্রির দায়ে ‘হৃদয় ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের তাঁতীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে ওই প্রতিষ্ঠানে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় তথ্যবিহীন বিভিন্ন ধরনের শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়া) বিক্রি ও মজুত করার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী সাত দিনের মধ্যে এসব ত্রুটি সংশোধনের কড়া নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি চৌকস দল।



















